প্রভাতকালীন প্রার্থনা (#8388)

হে আমার ঈশ্বর এবং আমার পরম প্রভু। আমি তোমার ভৃত্য এবং তোমার ভৃত্যের সন্তান। এই প্রভাতকালে আমি আমার শয্যা হইতে উত্থিত  হইয়াছি, যখন তোমার ইচ্ছাশক্তির প্রভাত হইতে তোমার একত্বের প্রভাতিক তারকা উজ্জ্বল আলোক প্রদান করিয়াছে এবং তোমার প্রত্যাদেশ গ্রন্থসমুহে যে আদেশের ব্যবস্থা প্রদান করা হইয়াছে, সেই মতে সমস্ত জগতে ইহার প্রভা বিস্তার করিয়াছে। 
সকল প্রশংসা তোমারই জন্য, হে আমার প্রভু, কেননা আমরা তোমারই জ্ঞানের আলোকের দীপ্তি সমূহের দিকে জাগরিত হইয়াছি। অতএব, তাহাই আমাদের নিকট অবতরণ কর, হে আমার পরম প্রভু যাহা তুমি ব্যতীত অপর সকলকে পরিত্যাগ করিতে আমাদিগকে সামর্থ্য প্রদান করিবে এবং তুমি ব্যাতীত অপর সকল কিছুর আসক্তি হইতে আমাদিগকে মুক্ত করিবে। আরও লিপিবদ্ধ কর, আমার জন্য এবং তাহাদের জন্য,যাহারা আমার প্রিয় এবং স্ত্রী-পুরুষ নির্বিশেষে আমার জ্ঞাতিবর্গের জন্য, এই পৃথিবীর এবং পরবর্তী পৃথিবীর সকল মঙ্গল। অতঃপর আমাদিগকে নিরাপদে রক্ষা কর তোমার অব্যর্থ প্রিয় রক্ষনাবেক্ষণ দ্বারা, হে তুমি, যিনি সমগ্র সৃষ্টির প্রিয় এবং সমগ্র বিশ্বের আকাংখিত ঐ সকলের নিকট হইতে যাহাদিগকে তুমি মন্দ রটনাকারীর প্রকাশ স্বরুপ করিয়াছ, যাহারা মানব   অন্তরে কুৎসা প্রবেশ করাইয়া দেয়। সত্যই তুমি সর্বশক্তিমান, বিপদে সহায়,স্বয়ং সত্তাবিশিষ্ট।
আশীর্বাদ কর তুমি, হে পরম প্রভু, আমার ঈশ্বর, তাহাকে যাহাকে তুমি তোমার অতি উৎকৃষ্ট উপাধি সমুহের উপর প্রতিষ্ঠিত করিয়াছ এবং যাহার মাধ্যমে তুমি লোককে ধার্মিক ও অধার্মিক এই দুই শ্রেণীতে বিভক্ত করিয়াছ এবং অনুগ্রহপুর্বক তুমি আমাদের তাহাই করিবার জন্য সাহায্য কর  যাহা তুমি ভালবাস ও অভিলাষ কর। তুমি তাহাদিগকে আশীর্বাদ কর, হে আমার ঈশ্বর, যাহারা তোমারই ব্যক্যাবলী এবং তোমারই অক্ষরসমূহ এবং তাহাদিগকেও যাহারা তোমারই দিকে আনন ফিরাইয়াছে এবং তোমার আননের দিকে ফিরিয়াছে এবং তোমার আহ্বান ধ্বনি মনোযোগপুর্বক শ্রবণ করিয়াছে। তুমি সত্যই পরম প্রভু এবং সকল লোকেরই সম্রাট এবং সকল কিছুর উপর শক্তিশালী।

-Bahá'u'lláh
-----------------------

